
মঙ্গলবার (১৯ মে ২০২৬) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান অপরাধ দমন কার্যক্রম এবং বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার মামলা তদন্তের গুণগত মান বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং বিভিন্ন ঘটনার রহস্য উদঘাটনে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাল টাকা প্রতিরোধ, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা মোকাবিলা, মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ঘরে ফেরা নিশ্চিত করতে জেলার সকল থানা ও ট্রাফিক ইউনিটকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালিত হতে পারে।
এসময় চট্টগ্রাম জেলার ১৭টি থানার অফিসার ইনচার্জ, সার্কেল অফিসার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।