চট্টগ্রাম নগরীর ৪০ নং ওয়ার্ডের কাটগড় এলাকার মুসলিমাবাদ সড়ক এবং এর আশপাশের লিংক রোডগুলোতে অবৈধ টমটম অটোরিকশার দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, অনিয়ন্ত্রিতভাবে এসব যানবাহন চলাচলের কারণে জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, নূর মোহাম্মদ নামের এক স্থানীয় প্রভাবশালী ব্যক্তি এসব অবৈধ টমটম নিয়ন্ত্রণ করছেন। তাদের দাবি, প্রতিটি গাড়ি থেকে দৈনিক ৫০ টাকা করে চাঁদা আদায় করা হয় এবং দিন-রাত দুই শিফটে শতাধিক টমটম চলাচল করছে।
তবে অভিযোগের বিষয়ে নূর অবৈধ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি টমটম লাইনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “আমি এই লাইনের সঙ্গে সম্পৃক্ত নই।
এলাকার মানুষ আমাকে সম্মান করে বলেই বিভিন্ন বিষয়ে আমি তাদেরকে সহযোগিতা করি । গণমাধ্যমকর্মীদের অনুরোধ করে বলে সরেজমিনে আসলে আমি আপনাকে সম্মান করবো
এদিকে এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে টমটম চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের অপচয় হচ্ছে। পাশাপাশি নিয়ন্ত্রণহীনভাবে যান চলাচলের ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা অবিলম্বে অবৈধ টমটম চলাচল বন্ধের প্রশাসন ও ট্রাফিক বিভাগের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পতেঙ্গা ট্রাফিক জোনের টিআই সেলিম বলেন, অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনদুর্ভোগ কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান আরও জোরদার করা হবে।