
চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত আশ্রয়কেন্দ্রে অবস্থানরত এবং পানি বন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সিএমপি পুলিশ সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর পক্ষ থেকে ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় ৭০০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এর ধারাবাহিকতায় গত ১৪ জুলাই আরও ২০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে খুলশী থানা এলাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে ২০টি, বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. আব্দুল করিমের নেতৃত্বে ২০টি, পাঁচলাইশ থানার ওসি মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে ২০টি, হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনের নেতৃত্বে ৪০টি এবং আকবর শাহ থানার ওসি মো. কামরুজ্জামানের নেতৃত্বে ৪০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া মঙ্গলবার বিকেলে ইপিজেড এলাকার আউটার রিং রোড সংলগ্ন বালুর মাঠ এলাকায় ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান (বিপিএম)-এর নেতৃত্বে আরও ৬০টি পানি বন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সিএমপি জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।