
চট্টগ্রাম: ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা আগামী ১৬ জুলাই ২০২৬ থেকে চট্টগ্রাম মহানগরীর ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯, ৩০ ও ৩৩ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, লাঠিসোঁটা, ইট-পাথর বহন ও ব্যবহার, সভা-সমাবেশ, মিছিল, উচ্চস্বরে চিৎকার, গান-বাজনা, মাইক্রোফোন ও লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ফটোকপি মেশিন বন্ধ রাখা এবং বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশও নিষিদ্ধ থাকবে।
পরীক্ষা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, সরকারি কমার্স কলেজ, ওমরগণি এম.ই.এস. কলেজ, ইসলামিয়া কলেজ (দারোগারহাট রোড) এবং মহিলা কলেজ (এনায়েত বাজার) কেন্দ্রে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ আদেশ ১৬ জুলাই ২০২৬ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিটি দিন এবং পরীক্ষার তারিখ পরিবর্তিত হলে সংশ্লিষ্ট দিনগুলোতে দুপুর ১টা থেকে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিএমপি জানিয়েছে।