
কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ ক্যাম্পের ভেতর থেকে ১৩ ফুট দীর্ঘ একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের কর্মকর্তারা অজগরটিকে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের সংরক্ষিত বনে অবমুক্ত করেন।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে মেচনী রেজিস্টার্ড ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের ভেতরে অজগরটির অবস্থান শনাক্ত করা হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।
বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি। উদ্ধার শেষে অজগরটিকে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের দমদমিয়া বেতবাগান সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদে অবমুক্ত করা হয়।
টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ জানান, মেচনী রেজিস্টার্ড ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্পের ভেতর থেকে দুপুরের দিকে অজগরটি উদ্ধার করা হয়। পরে সেটিকে অভয়ারণ্যের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
তিনি জানান, এটি বার্মিজ অজগর। এর বৈজ্ঞানিক নাম Python reticulatus। বড় আকারের এই সাপ বনাঞ্চলের খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেগুলো হত্যা না করে সংশ্লিষ্ট বন বিভাগকে খবর দেওয়া উচিত। এতে একদিকে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে বন্যপ্রাণীও রক্ষা পাবে।