রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মামুন অর রশিদ। রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন। ২৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা ও সততার জন্য তিনি পরিচিতি লাভ করেছেন।
অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সিআইডির পুলিশ সুপার হিসেবে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব পালনকালে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেপ্তার এবং প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোন উদ্ধারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেন নাঈমুল হাছান।
দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে রাজশাহী জেলা পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।