
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪০ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। একই সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি নঈম উদ্দিন আল-কাদেরী (রহ.) ও সাবেক সফল সুপার শহীদ আল্লামা মহিউদ্দীন মুহাম্মদ সোলাইমান আল-কাদেরী (রহ.)-এর ২২তম ওফাত বার্ষিকী এবং এলাকার প্রয়াত মুরব্বিদের ইছালে সাওয়াব উপলক্ষে পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলহাজ্ব মুনছুর আলম কন্ট্রাক্টরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আইয়ুব নাছের।
এ সময় আবু নাছের আনসারী, মোহাম্মদ তৌহিদুল্লাহ, আব্দুল্লাহ আল নুমান, এখলেসুর রহমান, মনিরুল ইসলাম, মমতাজুল ইসলাম, মাকরামা শারমিন সামিন, সেলিনা আক্তার, ফিরদাউসী আক্তার, মরিয়ম বেগম, অভিভাবক মাওলানা ইদ্রিস আলম, আলাউদ্দিন চিশতী, মাওলানা মাহবুব আলম, হামিদুল হক, মো. সোলায়মান, ক্বারী মোহাম্মদ হোসাইন, মো. জহিরুল ইসলাম ও মো. ইকবাল হোসেনসহ মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং শিক্ষার মান আরও উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব মুনছুর আলম কন্ট্রাক্টর বলেন, শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি মাদ্রাসার পক্ষ থেকে সংশ্লিষ্টদের জন্য দোয়া ও মোনাজাত আয়োজনের কথাও জানান।
পরে পবিত্র খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সাবেক সুপারসহ প্রয়াত মুরব্বিদের রুহের মাগফিরাত কামনা এবং সংশ্লিষ্টদের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।