
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় যৌথ অভিযান চালিয়ে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা প্রায় দেড় মাস আগে ওই এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা এবং অন্যান্য অনলাইন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া তাদের অপরাধমূলক কার্যক্রম পরিচালনায় দেশি-বিদেশি সহযোগীদের একটি নেটওয়ার্ক রয়েছে বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এসব সহযোগীদের মধ্যে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ রয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে তথ্যপ্রযুক্তির সহায়তায় আর্থিক প্রতারণা, জালিয়াতি এবং আইনানুগ কর্তৃত্ববহির্ভূত ই-ট্রানজেকশনের মাধ্যমে অর্থ আত্মসাতের মতো কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
অভিযানে তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, একটি অ্যাপল ট্যাব, বিভিন্ন ব্র্যান্ডের ৫৭টি ল্যাপটপ, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, একটি কিবোর্ড, একটি মাউস, একটি প্রিন্টার, পাঁচটি পেনড্রাইভ ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়। এছাড়া তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ডও উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে খুলশী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।