
ফরিদপুরের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১২০ ফেনসিডিলসহ দুই নারী ও এক শিশুকে আটক করেছে র্যাব-১০।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৭৭ বোতল উইনরেক্স ও ৪৩ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন—ডলি বেগম (৫০), শিউলি বেগম (৪৮) ও ১২ বছর বয়সী তাহমিনা। ডলি বেগমের স্বামী মৃত আশরাফ হোসেন মিঠু। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার বাসিন্দা। অপর আটক শিউলি বেগমের স্বামী মৃত আমির হোসেন। তার বাড়ি ঢাকার শ্যামপুরের জুরাইন এলাকায়।
পুলিশ জানায়, ১২ বছর বয়সী তাহমিনা ডলি বেগমের পালিত নাতনি। তার বাবা মৃত হাসান মোল্যা।
র্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি সন্দেহভাজন গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সিরাপ উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুই নারী ও শিশুটিকে আটক করা হয়।
এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক দুই প্রাপ্তবয়স্ক নারীকে আদালতে পাঠানো হয়েছে। আর আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুটিকে শিশু আদালতে পাঠানো হয়েছে।