অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে একাধিক জুয়া সাইটের এজেন্ট স্নিগ্ধ সিকদারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি।
সিআইডি জানায়, গত ৩০ সেপ্টেম্বর ভোরে যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে স্নিগ্ধ সিকদার একাধিক অনলাইন জুয়া সাইটের পরিচালনাকারী ও এজেন্ট হিসেবে কাজ করতেন বলে তথ্য পাওয়া গেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, অনলাইন বেটিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন এজেন্টের এমএফএস ও ব্যাংক হিসাবের মাধ্যমে সংগ্রহ করা হতো। এজেন্টদের কমিশন দেওয়ার পর অবশিষ্ট অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচার করা হতো বলে সিআইডির তদন্তে উঠে এসেছে।
এর আগে একই মামলায় গ্রেপ্তার সুমন রায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সেখানে স্নিগ্ধ সিকদারের নাম উঠে আসে বলে জানিয়েছে সিআইডি। পরবর্তীতে তদন্তে সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার পর স্নিগ্ধকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি আরও জানায়, এ চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এর আগে বিভিন্ন সময়ে টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, নড়াইল ও রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর স্নিগ্ধ সিকদারকে আদালতে পাঠানো হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি।
অনলাইন জুয়া, অবৈধ ই-ট্রানজেকশন ও অর্থপাচারের সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি অনলাইন বেটিং বা জুয়ার নামে অর্থ লেনদেন না করতে এবং এ ধরনের কার্যক্রমের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে সিআইডি।