
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। আটক মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ৩ লাখ টাকা।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে শিয়ালমারা বিওপি থেকে নায়েক সুশীল চাকমার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
সীমান্ত পিলার ১৮৭/১০-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের পশ্চিম পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।