ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটি পেতে যাচ্ছে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত ছুটিতে কোনো পরিবর্তন করা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় ১৫ অক্টোবর বৃহস্পতিবার ক্লাস শেষ হওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হবে।
পূজার ছুটি শেষে ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) আবারও সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে দুর্গাপূজার পাঁচ দিনের নির্ধারিত ছুটির সঙ্গে দুই দফা সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ৯ দিনের টানা ছুটি হবে।
অর্থাৎ, ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ছুটি শেষে ২৫ অক্টোবর (রোববার) থেকে যথারীতি ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।