
ঢাকা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ রায়হান ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় শুক্রবার (২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রায়হান ইসলামকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃতের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রায়হান ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।