ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদে দেশীয় প্রজাতির মাছ ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। অভিযানে নদী থেকে ৭৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন। এ সময় শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল সহযোগিতা করে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুমার নদের দেবতলা ঘাট ও দামুকদিয়া ঘাট এলাকায় অভিযান চালানো হয়। কয়েক কিলোমিটার নদীপথে তল্লাশি চালিয়ে পানির নিচে বাঁশের খুঁটি দিয়ে পেতে রাখা এসব নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়।
স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, একটি অসাধু চক্র রাতের আঁধারে নদীর বিভিন্ন বাঁকে চায়না দুয়ারী জাল পেতে মাছ শিকার করে আসছিল। এসব জালের সূক্ষ্ম ফাঁসের কারণে ছোট মাছের পোনা, মা মাছসহ বিভিন্ন জলজ প্রাণী আটকা পড়ে।
অভিযান শেষে জব্দ করা ৭৭টি জাল গাড়িতে করে কবিরপুর নতুন ব্রিজের পাশে নেওয়া হয়। পরে প্রশাসন, পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এসআই তরিকুল ইসলাম বলেন, নদীর জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মৎস্য দপ্তরের অভিযানে পুলিশ সহযোগিতা করছে। নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রির তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
স্থানীয় সচেতন নাগরিকরা নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।