আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে অনুষ্ঠিত সভায় জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএমের সভাপতিত্বে সভায় জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রাম মোঃ সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার না করার আহ্বান জানানো হয়। কোনো বিভ্রান্তিকর তথ্য নজরে এলে তা দ্রুত পুলিশকে অবহিত করতে বলা হয়।
নারী ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিশুদের জন্য প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থা রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে স্থানীয় মসজিদ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেওয়া হয়।
সভায় মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার পাশাপাশি পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা ছোটখাটো বিরোধ দ্রুত সমন্বয়ের মাধ্যমে সমাধান এবং আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা ও স্থানীয় পরিস্থিতি তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। জেলা পুলিশ তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে পূজা উদযাপন পরিষদ, পূজারী, ভক্তবৃন্দ, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।