ভোলার লালমোহন পৌর শহরের আখড়াবাড়ি মন্দির এলাকা থেকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ রাহাত নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আটক রাহাত লালমোহন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্নপাড়া (বিশ্বাস বাড়ি) এলাকার মো. ফজলু ও মোসা. সুলতানা দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে লালমোহন পৌর শহরের আখড়াবাড়ি মন্দিরের ভেতরে মাদক কেনাবেচা হচ্ছে—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে উপস্থিত হন। এ সময় ধাওয়া করে রাহাতকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
লালমোহন থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।