
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৮ রাউন্ড তাজা গুলি, ৫ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোনসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টা ৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার দুই নারী হলেন—সমছিদা (১৭) ও লায়লা খাতুন (৪৭)। তারা দুজনই কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের ব্লক-বি এলাকায় একটি বসতঘরের সামনে কয়েকজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল অভিযান চালায়। অভিযানে মহিলা র্যাব সদস্যদের সহায়তায় ওই দুই নারীকে আটক করা হয়।
পরে তাদের তল্লাশি এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আলামত উদ্ধার করা হয়। এ সময় সমছিদার পরিহিত সেলোয়ারের ডান কোমরে গুঁজে রাখা একটি সাদা ছোট কৌটা থেকে ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে, লায়লা খাতুনের দেখানো মতে তার বসতঘরের সামনের কক্ষের আলনার পেছনে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে পাঁচটি নীল রঙের পলিথিন ব্যাগে সংরক্ষিত মোট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই অভিযানে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, গ্রেপ্তার দুই নারীকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব আরও জানায়, মাদক, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে