
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) নতুন সদস্যদের গঠনতন্ত্র, পেশাগত দায়িত্ব ও সাংবাদিকতার নীতি-নৈতিকতা বিষয়ে পাঠদান অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর ২০২৬ রোববার সন্ধ্যা ৬টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে সিআরএ কার্যালয়ে এ প্রশিক্ষণধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিআরএ’র আহ্বায়ক মোঃ রুবেলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন ও প্রবীণ সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ফারুক ইকবাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন এবং রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ।
বক্তারা বলেন, একটি সাংবাদিক সংগঠন শুধু পেশাগত স্বার্থ সংরক্ষণের জায়গা নয়; সাংবাদিকতার মান, পেশাগত শৃঙ্খলা এবং নীতি-নৈতিকতা বজায় রাখার ক্ষেত্রেও সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সংগঠনের গঠনতন্ত্র সম্পর্কে প্রত্যেক সদস্যের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
পাঠদান পর্বে নতুন সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো, সদস্যদের দায়িত্ব ও পারস্পরিক সমন্বয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নতুন ও অভিজ্ঞ সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সিআরএ’র আহ্বায়ক কমিটির অর্থ সম্পাদক মোঃ শাকিল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, সহদপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, সদস্য রতন বড়ুয়া, সাফায়েত মোরশেদ, রিয়াজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, শাহেদুর রহমান মোরশেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নতুন সদস্যদের উৎসাহ এবং অভিজ্ঞ সাংবাদিকদের দিকনির্দেশনার মধ্য দিয়ে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।