কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়ার শ্যামলাপুর বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে শ্যামলাপুর থেকে চট্টগ্রামগামী একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
পরবর্তীতে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেণু মনখালী ব্রিজ সংলগ্ন সমুদ্র চ্যানেলে অবমুক্ত করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।