
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের চাপা দিয়েছে দ্রুতগতির একটি লরি। এতে ছয় বছর বয়সী এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাসটি মহাসড়কের পাশে থামানো হয়। এ সময় বাসের যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। ঠিক তখনই দ্রুতগতির একটি লরি তাদের চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে আরও একজনকে মৃত ঘোষণা করা হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতের সময় যাত্রীরা নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন। এ সময় ঢাকামুখী একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে আরও দুজনকে মৃত ঘোষণা করা হয়।