
‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা সচেতনতা মাস-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।
প্রধান অতিথি বলেন, সাইবার নিরাপত্তা বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল প্রয়োজন। অপারেশনাল কার্যকারিতা নিশ্চিত করতে নিরাপদ ও সাইবার হুমকি মোকাবিলায় সক্ষম ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, বিমান বাহিনীর আধুনিকায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে সাইবার সুরক্ষা, ব্যবস্থাপনা, জনবল ও দক্ষতার উন্নয়ন অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তাকে কমান্ড পর্যায়ের দায়িত্ব হিসেবে গ্রহণ এবং সংশ্লিষ্ট নীতিমালা ও অনুমোদিত নির্দেশনা অনুসরণের জন্য বিমান বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে সাইবার ওয়ারফেয়ার ও ইনফরমেশন টেকনোলজি (সিডব্লিউঅ্যান্ডআইটি) পরিদপ্তরের পরিচালক সবাইকে স্বাগত জানান। স্বাগত বক্তব্যে তিনি তথ্য ও কার্যক্রমের নিরাপত্তায় ব্যক্তিগত সচেতনতা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে সচেতনতামূলক উপস্থাপনা, মতবিনিময় সভা ও কুইজের আয়োজন করা হবে। পাশাপাশি বিমান বাহিনীর পরিবারের সদস্য এবং বিএএফ শাহীন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকা এরিয়ার এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ এবং বিভিন্ন ঘাঁটির নির্বাচিত কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি (এয়ার) সদস্য ও বেসামরিক সদস্যরা উপস্থিত ছিলেন।